খেলা-ধুলা

বরুড়ার হাজার দর্শককে কাঁদিয়ে ফাইনালে আদর্শ সদর

  admin ২৭ অক্টোবর ২০২৬ , ১১:৫৭ এএম প্রিন্ট সংস্করণ

আলমগীর হোসেন মাহি

বিশেষ প্রতিনিধি:

এ কে এম আবু তাহের আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে এক রোমাঞ্চকর লড়াই শেষে বরুড়া উপজেলাকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় শুরু হওয়া এই হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক বরুড়ার পরাজয়ে স্তব্ধ হয়ে পড়ে গ্যালারির হাজারো দর্শক।

ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে খেলা হওয়ায় গ্যালারির প্রায় ৯৫ শতাংশ দর্শক ছিল বরুড়ার পক্ষে। পুরো মাঠ জুড়ে লাল-সবুজ পতাকা আর সমর্থকদের মুহুর্মুহু স্লোগানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তবে খেলা শুরুর পরপরই গোল হজম করে বসে স্বাগতিকরা, যা শুরুতেই ধাক্কা দেয় বরুড়ার শিবিরে।

পিছিয়ে পড়েও দমে যায়নি বরুড়া। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত দুই মিনিটের (২+ মিনিট) মাথায় দুর্দান্ত এক আক্রমণ থেকে অসাধারণ গোল আদায় করে সমতায় ফেরে স্বাগতিকরা। এতে গ্যালারিতে থাকা হাজারো দর্শকের উল্লাসে মেতে ওঠে পুরো মাঠ।

বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল খেয়ে পিছিয়ে পড়ে বরুড়া। তবে দুর্দান্ত লড়াকু মানসিকতা দেখিয়ে ম্যাচের ২০তম মিনিটে আবারও চোখ জুড়ানো গোলে সমতা (২-২) ফিরিয়ে আনেন বরুড়ার খেলোয়াড়েরা। সমতাসূচক এই গোলটির পর গ্যালারির উচ্ছ্বাস যেন বাঁধভাঙা জোয়ারে রূপ নেয়। নির্ধারিত সময়ে ২-২ গোলের ড্র নিয়ে সমতায় আসে বরুড়া।

নির্ধারিত সময়ে মীমাংসা না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে ৩-২ ব্যবধানে বরুড়াকে হারিয়ে ফাইনালে নাম লেখায় আদর্শ সদর।

ফাইনালে দেখা হবে চান্দিনার সাথে।